News71.com
 Bangladesh
 18 Nov 16, 12:31 PM
 317           
 0
 18 Nov 16, 12:31 PM

'উন্নয়নশীল দেশে উন্নীত হলে জিএসপি প্লাস পাবে বাংলাদেশ'

'উন্নয়নশীল দেশে উন্নীত হলে জিএসপি প্লাস পাবে বাংলাদেশ'

নিউজ ডেস্ক: বাংলাদেশ ২০২১ সালের মধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এদিকে বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্ট'র ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার শর্ত সাপেক্ষে বাণিজ্য ক্ষেত্রে জিএসপি প্লাস সুবিধা প্রদানে সহায়তার করার আশ্বাস দিয়েছেন। তবে এ ক্ষেত্রে ২৭টি কনভেনশন অনুসরণ করার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্ব প্রদান করেছেন।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডস্থ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সফররত ইউরোপীয় পার্লামেন্ট’র (ইইউ) ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির চেয়ারম্যান বার্ন্ড লেংগ-এর নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
 
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রম আইন সংশোধন, নিরাপদ ও কর্মবান্ধব কাজের পরিবেশ সৃষ্টি হওয়ায় ইইউ পার্লামেন্টারি দল সন্তোষ প্রকাশ করেছে।'
 
তিনি বলেন, 'ইইউ প্রতিনিধি দল এই বৈঠকে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসার পাশাপাশি এদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন