News71.com
 Bangladesh
 11 Mar 16, 02:55 AM
 642           
 0
 11 Mar 16, 02:55 AM

চট্টগ্রামে ‘ছাদ থেকে পড়ে’ কিশোরি গৃহকর্মীর মৃত্যু ।।

চট্টগ্রামে ‘ছাদ থেকে পড়ে’ কিশোরি গৃহকর্মীর মৃত্যু ।।

নিউজ ডেস্ক : চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুলবুলি নামে ১২ বছর বয়সী ওই কিশোরী হাজারি গলি এলাকায় সুবিমল দাশ নামের এক ব্যক্তির বাসায় গত কয়েক বছর ধরে কাজ করে আসছিল। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি বলছেন, রাতে ওই এলাকার নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে বুলবুলি ‘লাফিয়ে পড়ে’ বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে জানিয়েছেন। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পর স্থানীয় লোকজন দিয়ে ওই ভবনে তল্লাশি চালানো হলেও কাউকে পাওয়া যায়নি বলে জহরলাল হাজারি জানান।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে সুবিমলের পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যায় বুলবুলি। সে আগেভাগেই বাসায় ফেরার জন্য বেরিয়ে আসে বলে সুবিমলের পরিবারের লোকজন জানিয়েছে।”

রাত সাড়ে ১১টার দিকে বুলবুলিকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার ঘণ্টা তিনেক পর সেখানেই তার মৃত্যু হয়।

কোতোয়ালির ওসি জসীম উদ্দিন বলেন, “ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ পাওয়ার পর ওই ভবনে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে কাউকে দেখা যায়নি।”

বুলবুলির লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেন ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন