নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আগামী শনিবার তার নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হবে।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পক্ষ্য থেকে এই সংবর্ধনা দেওয়া হবে।
এ উপলক্ষে আগামী শনিবার জিলা স্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন।
ওবায়দুল কাদেরকে বরণ করে নিতে তাঁর নিজ জেলা নোয়াখালী শহর সাজছে নতুন সাজে। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নোয়াখালীতে এটাই প্রথম আনুষ্ঠানিক আগমন। রঙিন বাতি, বিল বোর্ড ও ব্যানারে ছেয়ে গেছে জেলা শহর মাইজদী কোর্ট ও সংলগ্ন এলাকাগুলো। শহর ও শহরতলীর অলিগলিগুলো হয়ে উঠেছে উৎসব মুখর পরিবেশ।
এ বিষয়ে জানাতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে শুধু দলের নেতাকর্মীদের গৌরবান্বিত করেননি, নোয়াখালীর জন্য বিশেষ গৌরব এনে দিয়েছেন। এজন্য একরামুল করিম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, নোয়াখালী জিলা স্কুল মাঠে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই জনসভা অনুষ্ঠিত হবে।