
নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার সাঁওতালপল্লী পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে নয় সদস্যর প্রতিনিধিদলটি সাপমারা ইউনিয়নের সাঁওতালপল্লীর জয়পুরপাড়া ও মাদারপুরে পৌঁছান।
এ সময় বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা জয়পুরপাড়া ও মাদারপুর সাঁওতালপল্লীতে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজখবর নেন।
এরআগে প্রতিনিধিদলটি সাঁওতালপল্লীতে পৌঁছে প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহধর্মীয় সম্পাদক অমেলন্দু দাস অপু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতা।