নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক সামরিক অভিযানে অভিযানে ১৩০ জনের মতো নিহত হয়েছে। অনেক রোহিঙ্গা মুসলমানের ঘর-বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। সহিংস এলাকা থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার পরিস্থিতির ওপর সতর্ক পর্যবেক্ষণ রাখছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এসব রোহিঙ্গাদের মিয়ানমারেই ফেরত পাঠিয়ে দিচ্ছে বলে জানা গেছে।
বিবিসি, আল জাজিরা ও টাইম ম্যাগাজিন সম্প্রতি আলাদা আলাদা প্রতিবেদনে জানায়, ২০১২ সালের পর এই প্রথম মিয়ানমারে এত রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই মিয়ানমারের সামরিক বাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। অনেক ঘর-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। প্রায় ২০ থেকে ৩০ হাজার লোক বাড়িঘর ছেড়ে উদ্বাস্তুর মতো জীবন-যাপন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরীন বিষয় হলেও বাংলাদেশকেও অস্বস্থির মুখে ফেলেছে। কারণ সেখান থেকে অনেকেই পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে বিজিবিকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আল-জাজিরা জানায়, গত মঙ্গলবার ৮৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি যাদের মধ্যে ৪০ নারী এবং ২৫ জন শিশু রয়েছে।