News71.com
 Bangladesh
 19 Nov 16, 11:27 AM
 318           
 0
 19 Nov 16, 11:27 AM

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের জন্য প্রস্তুত লালদীঘি মাঠ।।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের জন্য প্রস্তুত লালদীঘি মাঠ।।

 

নিউজ ডেস্কঃ সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আজ সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় একসঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। এ লক্ষ্যে নগরীর লালদীঘি মাঠে কারিগরি, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ইতিমধ্যে ঢাকার কাজলা টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান ১০ বাই ১২ ফুটের দুটি এলইডি প্যানেল, ইন্টারনেট সংযোগ, ভিডিও কনফারেন্সি ডিভাইস স্থাপন, সব লিংকে কানেকটিভিটির কাজ সম্পন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ, জেনারেটরের ব্যবস্থাসহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মন্ত্রী, সাংসদ, জনপ্রতিনিধি, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, নারীকর্মী, সংস্কৃতিকর্মী, স্কাউটস, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের বসার জন্য আসন নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

লালদীঘি মাঠে স্পেশাল ব্রাঞ্চের ২০০ পুলিশ সদস্য ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। অবশ্য এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রস্তুতির বিষয়ে অবহিত করেন।

তিনি বলেন, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মহানগরের ২৭৮টি, উপজেলা পর্যায়ে ১৪টি, পৌরসভা পর্যায়ে ১২টি, ইউনিয়ন পর্যায়ে ১৮০টি, ১৯২টি গ্রোথ সেন্টারে (হাট-বাজার), ৩৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে, ২৮৬টি মাধ্যমিক বিদ্যালয়ে, ৫৯টি কলেজে, ১১৪টি মাদ্রাসাসহ এক হাজার ৪৮৪টি স্থানে সরাসরি দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার প্রায় ১০ লাখ জনসাধারণ সরাসরি ভিডিও কনফারেন্সে সম্পৃক্ত থাকবেন। কনফারেন্স শুরুর আগে উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন