News71.com
 Bangladesh
 19 Nov 16, 02:38 PM
 321           
 0
 19 Nov 16, 02:38 PM

শিক্ষানবীশ আইনজীবী ও ক্লার্কদের পরিচয়পত্র নির্ধারিত পোশাক বাধ্যতামূলক

শিক্ষানবীশ আইনজীবী ও ক্লার্কদের পরিচয়পত্র নির্ধারিত পোশাক বাধ্যতামূলক

নিউজ ডেস্ক: আইনজীবী সহকারী সমিতির পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে এডভোকেট ক্লার্কদের আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

সুপ্রিমকোর্টের জারি করা এক সার্কুলারে সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান না করলে ১৭ নভেম্বর থেকে অ্যাডভোকেট ক্লার্কদের সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।


সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির ইস্যু করা পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করার জন্য অ্যাডভোকেট ক্লার্কদের বার বার নির্দেশ দেয়া সত্ত্বেও তাদের অধিকাংশ ক্লার্ক এ নির্দেশ পালন করছেন না।

১৭ নভেম্বর থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির ইস্যু করা পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান ছাড়া সুপ্রিমকোর্ট অঙ্গন ও শাখাগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নির্দেশনা যেন কার্যকর হয়, সেজন্য কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদেরকে তা নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।


এছাড়াও দেশের প্রতিটি আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করেছে। ঢাকা আইনজীবী সমিতি,কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে সরেজমিন দেখা গেছে বার নেতৃবৃন্দ প্রতিদিন এ বিষয়টি মনিটরিং করছেন।


বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট কাইমুল হক রিংকু বাসস’কে বলেন, দেশের প্রতিটি আইনজীবী সমিতির জন্য শিক্ষানবীশ আইনজীবীদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। বার গুলোতে শৃংখলা প্রতিষ্ঠা ও দালালমুক্ত করতেই এ পদক্ষেপ নিয়েছে বার কাউন্সিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন