News71.com
 Bangladesh
 19 Nov 16, 02:56 PM
 306           
 0
 19 Nov 16, 02:56 PM

'মহল্লায় অপরিচিত সন্দেহজনক ঘোরাফেরা দেখলে পুলিশকে জানান'।। ত্রাণ মন্ত্রী মায়া

'মহল্লায় অপরিচিত সন্দেহজনক ঘোরাফেরা দেখলে পুলিশকে জানান'।। ত্রাণ মন্ত্রী মায়া
নিউজ ডেস্ক: কোন মহল্লায় অপরিচিত লোকদের সন্দেহজনক ঘোরাফেরা দেখলে সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম স্থানীয় লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, 'বিশেষ কোন মহল যদি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।' তিনি এ জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর পাথালিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী গণসমাবেশ-এ প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ প্রদান করেন।
 
এ সময় মন্ত্রী বলেন, 'ধর্ম নিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেতনায় আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। নয় মাস যুদ্ধ করে যে স্বাধীনতা পেয়েছি তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।'
 
মায়া চৌধুরী ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, '১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে যে চেতনায় যুদ্ধ করেছি, সে চেতনা অক্ষুণ্ণ রাখতে হবে।'
 
উক্ত অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছসহ স্থানীয় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন