
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় ডিসের বিল সংগ্রহ করতে গিয়ে পুলিশ কর্মকর্তার গুলিতে ক্যাবল ব্যবসায়ী আল আমিন (২২) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা শামীম রেজাকে জনতা আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে । আজ বেলা ১২টার দিকে খিলগাঁও নন্দিপাড়ার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, বংশাল থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজা খিলগাঁও নান্দিপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বাসার ডিসের বিল নেয়াকে কেন্দ্র করে ক্যাবল ব্যবসায়ী আল আমিনের সাথে শামীমের বাকবিতণ্ডা হয়।
তিনি আরও বলেন, একপর্যায়ে উত্তেজিত হয়ে আল আমিনকে লক্ষ্য করে গুলি চালান পুলিশের এই কর্মকর্তা। এতে আল আমিন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় জড়িত এএসআই শামীম রেজাকে আটক করা হয়েছে বলে জানান খিলগাঁও থানার ওসি মাইনুল হোসেন।