
নিউজ ডেস্ক: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। ঐক্যবদ্ধই সর্বক্ষেত্রে আমাদের বিজয়ী করবে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল বিকেলে ঈশ্বরদী প্লাজা কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুর রহমান শরীফ জুলুম, অত্যাচার ও মাদকাসক্তদের বাংলাদেশ আওয়ামী যুবলীগে ঠাঁই হবে না উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। গোলাম আজম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানদের বিশ^াসঘাতকতার কারণে প্রকৃত সোনার বাংলাদেশ গড়তে সময় লেগেছে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পাবনা-৫ আসনের এম.পি. গোলাম ফারুক প্রিন্স, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুব লীগ নেতা আবু আহাম্মেদ নাসিম পাভেল, রাজশাহী মহানগর যুব লীগের সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় যুব লীগের সহ-সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে আওয়ামী যুব লীগের ঈশ^রদী উপজেলা শাখার সভাপতি হিসেবে শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিব সরকারকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া পৌর শাখার যুব লীগের সভাপতি পদে আলাউদ্দিন বিপ্লব ও আরিফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।