
নিউজ ডেস্ক: আজ ২০ নভেম্বর, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিটে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আজ রোববার সকালে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসসহ দলের জ্যেষ্ঠ নেতারা তাঁর সঙ্গে ছিলেন। বিকেলে আলোচনা সভা করবে ঢাকা মহানগর বিএনপি।
আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কর্মসূচি উদ্বোধনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান সহযোগিতা করবেন।
জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বিএনপির কার্যালয়ে কেক কাটেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান দীর্ঘদিন থেকে লন্ডনে অবস্থান করছেন। আইনের দৃষ্টিতে তিনি পলাতক। দুর্নীতির একটি মামলায় তাঁর সাজা হয়েছে। একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা আছে। গত বছরের জানুয়ারিতে হাইকোর্ট আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে বিএনপি দাবি করে তারেক পলাতক নন, তিনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সুস্থ হলে তিনি দেশে ফিরে আসবেন।