
নিউজ ডেস্ক: দুদকের মামলায় সাংসদ আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়নি। তাঁর জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। ফলে সাংসদ বদির জামিন বহাল রইল, আর তাঁর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এর বিরুদ্ধে বদি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্ট ১৬ নভেম্বর তাঁকে ছয় মাসের জামিন দিয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে পরের দিন দুদক আবেদন করে। পরে বিষয়টি শুনানির জন্য আজকের কার্যতালিকায় আসে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান, বদির পক্ষে ছিলেন আবদুল মতিন খসরু ও নাসরিন সিদ্দীকা লিনা।