
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শুধু ২০১৯ সালের নির্বাচন নয়, আগামী ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগ সরকার দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মন জয় করে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। সেই লক্ষ্যেই বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে ন্যাশনাল আই কেয়ার ও জাতীয় চক্ষু ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় এসব বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে বলেই ভোটাররা এই সরকারের প্রতি আস্থাশীল হয়ে বার বার নির্বাচিত করবে। বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের উন্নয়ন না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের অমানিশার ঘোর অন্ধকার দূর করে আলোর জগতে পৌঁছে দিয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মানুষ শুধু ২০১৯ সালেই নয়, ২০২৪ সালেও আওয়ামী লীগ সরকারকেই ভোট দেবে।'
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. সাদেকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বীথি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল ইসলাম, সিরাজগঞ্জ পৌর মেয়র সেয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, সদর হাসপাতালের আরএমও আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ।