
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি নেতা অধ্যাপক এমএ মান্নান অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় তাকে বহনকারী জিপ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায়।তবে এ দুর্ঘটনায় এমএ মান্নান অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী রুশদী।
তিনি বলেন, দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ঢাকা থেকে গাজীপুর আসছিলেন।
তাকে বহনকারী জিপ গাড়িটি ঢাকা বাইপাস সড়ক দিয়ে মহানগরীর মীরের বাজার এলাকা পার হচ্ছিল।
এ সময় কলেরবাজার এলাকায় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক মেয়রকে বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে জিপটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। গাড়িতে থাকা মেয়রের কয়েকজন সঙ্গী সামান্য আহত হলেও মেয়র মান্নান অক্ষত থাকেন। পরে তিনি অন্য গাড়িতে গাজীপুর শহরে এসে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে নিজ বাড়ি সালনায় ফিরে যান।