News71.com
 Bangladesh
 22 Nov 16, 05:16 PM
 339           
 0
 22 Nov 16, 05:16 PM

ইরাকে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান

ইরাকে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ইরাকে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


মন্ত্রী সেই সাথে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নেয়ার জন্যও সে দেশের সরকারকে অনুরোধ জানান।
আজ সকালে রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কক্ষে মন্ত্রী বাংলাদেশস্থ ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মো: সালমান আল-জানাবি’র সাথে এক সৌজন্য সাক্ষাতে এ আহবান ও অনুরোধ জানান।

বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ ও আধাদক্ষ কর্মী নেয়াসহ সেখানে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের নিরাপত্তার ব্যাপারে চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাথে মন্ত্রী সার্বিক বিষয়ে আলোচনা করেন।

ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, ইরাকের যে সমস্ত এলকায় শান্তি বিরাজ করছে এবং কোন গোলযোগ নেই, সে সমস্ত এলাকায় সরকার ব্যাপক উন্নয়ন কাজ হাতে নিয়েছে। এ উন্নয়ন কাজে বাংলাদেশের কর্মীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে।

বাংলাদেশের কর্মীদের ইরাকে কাজের সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে এখন আরও বেশি কর্মী নেওয়া হবে এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

উল্লেখ্য, এ যাবত ইরাকে প্রায় ৪৩ হাজার কর্মী বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে ইরাকে গমন করেছে। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার কর্মীর ইরাকে অবস্থান করছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন