
নিউজ ডেস্ক: সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর আনীত অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, পঞ্চানন বিশ্বাস, মো. রুস্তম আলী ফরাজী, মো. শামসুল হক টুকু এবং মইন উদ্দীন খান বাদল সভায় অংশগ্রহণ করেন।
সভায় অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (জনতা ব্যাংক লি., সোনালী ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি., রুপালী ব্যাংক লি., রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লি.) ২০০৯-২০১০ অর্থ বছরের হিসেবের উপর বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের আপত্তি বা মন্তব্যের ৪৫টি অনুচ্ছেদের ওপর আলোচনা করা হয়। এ সব আপত্তির সংগে জড়িত সর্বমোট টাকার পরিমাণ ৭৯৬ কোটি ০৮ লক্ষ ৭২ হাজার ২ শত ১৫ টাকার মধ্যে মোট ১ থেকে ১৭ অনুচ্ছেদে জনতা ব্যাংকের অডিট আপত্তি এবং ১৮ থেকে ২০ অনুচ্ছেদে সোনালী ব্যাংকের ওপর প্রদত্ত অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে গৃহীত সিদ্ধান্তের আলোকে বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়া হয়।
সভায় কনসোর্টিয়ামভুক্ত ব্যাংকের নিকট হতে টাকা আদায় না করা, ফোর্সড পিএডি সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত বিনিয়োগ, অসমাপ্ত প্রকল্পের কারনে ক্ষতি, সীমাতিরিক্ত ঋণপত্রের দায়সহ মালিকানা পরিবর্তনের নামে ব্যাংকের দায় বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঋণ ও অন্য ব্যাংকের দায় গ্রহণের শর্তাদি বাস্তবায়নের পূর্বেই প্রকল্প ঋণ বিতরণ এবং পর্যাপ্ত জামানতবিহীন প্রকল্প গ্রহণ বিষয়ে অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে।
এছাড়াও সভায় ফোর্সড পিএডি খাতের শ্রেণীকৃত দায় আদায় না হওয়া, প্রকল্পে বিনিয়োগকৃত ঋণ একাধিকবার পুনঃতফসিল করেও আদায় না হওয়া, বিতর্কিত সম্পত্তির বিপরীতে প্রকল্প ও সিসি ঋণ মঞ্জুরী পরবর্তিতে পুনঃতফসিল করেও গ্রাহক কোন প্রকার ট্রানজেকশন না করা, প্রকল্প ঋণ মঞ্জুরের শর্ত ভংগ করা, নিয়মিত তদারকির অভাব ও আদায়জনিত ব্যর্থতা, অনাদায়ী টাকা আদায়ে ব্যাংক কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ না করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রকল্প বন্ধ, লিম ও প্লেজ গোডাউনের মালামাল অবৈধভাবে গ্রাহক কর্তৃক অপসারন এবং অর্পিত সম্পত্তি বন্ধক রেখে অনুমোদিত ব্যাক টু ব্যাক এলসি এর মূল্য পরিশোধে পিএডি খাতের দায় সৃষ্টি ইত্যাদি আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে এসব আপত্তির সাথে জড়িত অনাদায়ী অর্থ আদায়ের ব্যবস্থা,দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দায়েরকৃত মামলার তদারকী জোরদার এবং একই ঘটনার পুনরাবৃত্তিরোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে
সভায় সিএন্ডএজি মাসুদ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, অডিট অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।