
সাইফ উল্লাহ, প্রতিনিধি, (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের রাজস্ব আয়ের শীর্ষ তাহিরপুর সীমান্তের বড়ছড়া-চারাগাঁও-বাগলী এই তিন স্থল শুল্ক ষ্টেশন দিয়ে দীর্ঘ দিন ভারতের মেঘালয় থেকে কয়লা আমদানি বন্ধ থাকার পর বুধবার থেকে আবারো ওই শুল্ক ষ্টেশন গুলো কয়লা আমদানি শুরু হয়েছে। দ্বীর্ঘ দিনের অচলাবস্থা নিরসন হয়ে ফের কয়লা আমদানি কার্যক্রম শুরু হওয়ার খবরে শুল্ক ষ্টেশন গুলোতে থাকা প্রায় সাড়ে ৪ শতাধিক আমদানিকারক ও অর্ধ লক্ষাধিক শ্রমিকের মধ্যে কিছুটা স্থতি ও কর্মচাঞ্চলতা ফিরে এসেছে।
বড়ছড়া কাষ্টমস সুপারের কার্যালয় সুুত্র জানায়, ভারতের মেঘালয় রাজ্যের ডিমাহাসাও নামক একটি পরিবেশবাদী সংগঠন ও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে বিগত ২০১৪ সালের ১৭ই এপ্রিল ওই দেশের ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল আদালত মেঘালয়ে সরকারের ওপর মেঘালয় পাহাড় থেকে অবৈধ ভাবে শত শত কোয়ারী খনন বন্ধ ও কয়লা উক্তোলন ও পরিবহনে নিয়োজিত শ্রমিকদের জীবনের নিরাপত্তাহীনতা এবং পরিবেশের ক্ষতির কারনে কয়লা কোয়ারী খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন।
পরবর্তীতে একই বছর ৬ মে সংশ্লিস্ট বিভাগের মুখ্য সচিব ওই দেশের প্রতিটি জেলায় উপরোক্ত নির্দেশ জারি করেন। নির্দেশে গ্রীন ট্রাইব্যুনাল আদালতের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয় রাজ্যের জেলা প্রশাসকদের। ফলে ১৩ মে থেকে জেলায় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই মামলার জের ধরেই সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলী ও সিলেট এবং ময়মনসিংহের হালুয়াঘাট সহ ৮টি শুল্ক ষ্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। বিগত দু’বছরের মধ্যে ভারতীয় কয়লা রফতানিকারকগণ আইনি প্রক্রিয়ায় প্রথমে উত্তোলিত কয়লার রাজস্ব জমা দিয়ে ২০১৫ সালের মে থেকে প্রথম তিন মাস ও পরে ওই সময় ৩ দফায় বাড়িয়ে ২০১৬ সালের ১৫মে পর্যন্ত নয় মাস পর্য্যন্ত কয়লা রফতানীর অনুমতি লাভ করে।
তাহিরপুর কয়লা আমদানিকরক সমিতির সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকার ও সাধারন সম্পাদক হাজি মোশারফ হোসেন তালুকদার জানান, ভারতের মেঘালয় মাইন ওনার্স এসোসিয়েশনের দায়িত্বশীলদের সহযোগীতায় বুধবার থেকে কয়লা আমাদানি শুরু হয়েছে।