নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ, 'সামরিক জীবনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ মানুষকে নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। পেশাগত জ্ঞান বিকাশ ও আনুগত্য বৃদ্ধিতে সহায়তা করে। এ জন্য আপনাদের প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত রাখতে হবে।'
রাষ্ট্রপতি বৃহস্পতিবার রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার ও স্কুলে অর্ডন্যান্স কোরের ৬ষ্ঠ পুনর্মিলনীতে এক কুচকাওয়াজে ভাষণকালে এ কথা বলেন।
অর্ডন্যান্স সেন্টার ও স্কুলে বিশ্বমানের প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেছেন, 'যাতে এখান থেকে দেশ ও বিদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ গ্রহণকে অগ্রাধিকার দেয়। '
খোলা জীপে চড়ে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন ও পরে মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন। এর আগে কুচকাওয়াজ মাঠে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।