
নিউজ ডেস্ক: এবার চলতি ২০১৬-১৭ অর্থবছরে ২০ লাখ করাদাতা রিটার্ন জমা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২০১৫-১৬ অর্থবছরে দেশের ১১ লাখ করদাতা আয়কর দিয়েছেন উল্লেখ করে তিনি বলেছেন, করদাতারা আশ্বস্ত হয়েছেন যে, রিটার্ন দাখিল হয়রানি নয়।
গত ৮ বছরে তরুণ প্রজম্মের আয়কর প্রদানে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অর্থমন্ত্রী বলেন, এই সরকারের লক্ষ্যমাত্রা ২৫ লাখ করদাতা তৈরির। এটি হলে তা হবে আমাদের জন্য গর্বের। কারন- এক সময় অনেকেই মনে করতেন কর দেওয়া মোটেই ভালো কাজ নয়।
তারা মনে করতেন একবার যদি কর দেওয়া শুরু হয়, তাহলে সারাজীবন ভোগান্তি পোহাতে হবে। তবে এখন যারা কর দিচ্ছেন, তারা আশ্বস্ত হয়েছেন কর দেওয়া ভোগান্তিকর নয়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ের জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে আয়কর সপ্তাহ ২০১৬’র উদ্বোধন ও সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি। এতে স্বাগত বক্তব্য দেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ) আব্দুর রাজ্জাক।