News71.com
 Bangladesh
 25 Nov 16, 12:17 PM
 406           
 0
 25 Nov 16, 12:17 PM

পানি সম্মেলনে যোগ দিতে রোববার হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

পানি সম্মেলনে যোগ দিতে রোববার হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দিতে রোববার চার দিনের সফরে হাঙ্গেরি যাচ্ছেন। 
 
আগামী ২৮-৩০ নভেম্বর দেশটির রাজধানী বুদাপেস্টে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 
 
স্বাগতিক হাঙ্গেরির প্রেসিডেন্ট ডক্টর জেনোস আদের এ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। 
 
এ সম্মেলনে এ অংশগ্রহণের পাশাপাশি, দুদেশ এ সফরকে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর হিসেবে ঘোষণা করায় সফরকালে প্রধানমন্ত্রী হাঙ্গেরীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতসহ সেদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। 
 
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ ঘোষণা দেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। 
 
প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ইকোনোমিক ফোরামের উদ্বোধন করবেন।
 
প্রধানমন্ত্রী, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের একজন সদস্য। এ প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন মরিশাস, মেক্সিকো, হাঙ্গেরী, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, পেরু ও সেনেগালের রাষ্ট্রপতি এবং অস্ট্রেলিয়া, জর্ডান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।  
 
বুদাপেস্ট পানি সম্মেলনের প্রতিপাদ্য পানি সংযোগ সৃষ্টি করা। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত লক্ষ্যগুলো বাস্তবায়নের করণীয় নির্ধারণ এবং প্যারিস জলবায়ু চুক্তিতে অন্তর্ভুক্ত পানি সংশ্লিষ্ট বিষয়সমূহের অগ্রগতি পর্যালোচনা করা এ সম্মেলনের অন্যতম মূল উদ্দেশ্য।
 
দ্বিপাক্ষিক সফরের অংশ হিসেবে হাঙ্গেরির সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে চারটি চুক্তি সই হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন