নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় যৌতুক মামলায় সাজার আদেশ প্রাপ্ত আসামি আব্দুল মোমিনকে (৩৫) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।
আব্দুল মোমিন ধুনট উপজেলার শিমুলকান্দি গ্রামের সোলায়মান আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে শিমুলকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রায় আট বছর আগে ধুনট উপজেলার কুড়িগাতি গ্রামের আব্দুল করিমের মেয়ে পিয়ারা খাতুনকে বিয়ে করেন আব্দুল মোমিন। তাদের তিন সন্তানের জন্ম হয়।
এদিকে, প্রায় এক বছর আগে পিয়ারা খাতুন স্বামীর বিরুদ্ধে বগুড়া আদালতে যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুল মোমিনের ছয় মাসের সাজার আদেশ দেন বিচারক। আদালতের রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন মোমিন। এ অবস্থায় আব্দুল মোমিনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানায় আব্দুল মোমিনকে গ্রেফতার করা হয়েছে।