News71.com
 Bangladesh
 25 Nov 16, 03:21 PM
 414           
 0
 25 Nov 16, 03:21 PM

স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চায় চীনা কোম্পানি শাইনোফার্ম

স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চায় চীনা কোম্পানি শাইনোফার্ম

নিউজ ডেস্ক: চীনের শীর্ষস্থানীয় একটি কোম্পানি শাইনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশন বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।


স্বাস্থ্যমন্ত্রণালয়ের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের শাংহাইয়ে হোটেল শাংরিলায় প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহ ব্যক্ত করেন। শাইনোফার্মের ভাইস জেনারেল ম্যানেজার শি শেংগি প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।

বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ সময় শাইনোফার্মকে এ ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু বিনিয়োগ-বান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার দেশি-বিদেশি বিনিয়োগকে সব সময় উৎসাহ প্রদান করে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও এখন বাংলাদেশে আসছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের চিকিৎসা অবকাঠামো নির্মাণসহ ওষুধ শিল্পে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে।’

বাংলাদেশে যোগাযোগ, তথ্য প্রযুক্তি, জ্বালানিসহ বিভিন্ন আর্থ-সামাজিক খাতে চীনের অবদানের কথাও এ সময় তিনি তুলে ধরেন।

মন্ত্রী সাইনোফার্মের প্রতিনিধিদলকে বিনিয়োগের লক্ষ্যে একটি নির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের পরামর্শ দিয়ে তাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের আমন্ত্রণ জানান।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ শীর্ষক ৯ম বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীন সফর করছেন। গত ২১ নভেম্বর চীনের শাংহাইয়ে চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন