News71.com
 Bangladesh
 26 Nov 16, 12:02 PM
 372           
 0
 26 Nov 16, 12:02 PM

সামরিক শাসনের হাত থেকে গণতন্ত্র মুক্তি পেলেও তা এখনো ঝুঁকি মুক্ত নয় ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সামরিক শাসনের হাত থেকে গণতন্ত্র মুক্তি পেলেও তা এখনো ঝুঁকি মুক্ত নয় ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের গণতন্ত্র সামরিক শাসনের হাত থেকে মুক্তি পেলেও তা এখনও বিপদমুক্ত নয়।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরনের অভিযাত্রা খুবই ঝুঁকিপূর্ণ। তার এ অভিযাত্রাকে সফল করার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আজ বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে ‘ শহীদ নূর হোসেন ’ স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের সভাপতি ও শহীদ নূর হোসেনের ভাই আলী হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।

সৈয়দ আব্দুল আওয়াল শামীমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মটর চালক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালু শেখ।
ওবায়দুল কাদের বলেন, দেশে এখনো গণতন্ত্রের সংকট চলছে। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন বানচাল এবং সরকার পতনের আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতার সবচেয়ে বেশি শিকার হয়েছে বাসের চালক ও হেলপাররা। তারা চালকদের নয়, দেশের গণতন্ত্রকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল।

এ ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি গত জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে যে ভুল করেছে তার জন্য তাদের খেসারত দিতে হচ্ছে।
তিনি বলেন, বেপরোয়া চালকের মত বিএনপি-জামায়াত দেশের নিরীহ মানুষকে হত্যা করছে এবং গণতন্ত্রকে ক্ষত-বিক্ষত করছে।

কাদের আরো বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনের জন্য মন মানসিকতার পরিবর্তন করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা ও যানজটের জন্য আমাদের মন মানসিকতা দায়ী। মন মানসিকতার পরিবর্তন না হলে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা বন্ধ করা সম্ভব হবে না।

তিনি এ সময় সড়ক দুর্ঘটনার জন্য চালকদের প্রশিক্ষনের অভাব, অপ্রাপ্ত বয়স্কদের গাড়ী চালানো ও পথচারীদের বেপরোয়া রাস্তা পারাপার ও গাড়ী চালকদের বেপরোয়াভাবে গাড়ী চালানোকে দায়ী-করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন