News71.com
 Bangladesh
 26 Nov 16, 06:47 PM
 306           
 0
 26 Nov 16, 06:47 PM

রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফের

রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফের

নিউজ ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গাদের সাময়িকভাবে হলেও বাংলাদেশে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীর নির্যাতনের নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বিষয়টি নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারকে কথা বলার আহ্বান জানান। তিনি আশা করেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে।

বিএনপির এই নেতা দাবি করেন, তাঁদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের ষড়যন্ত্রের শিকার। এই সরকারের পতন ঘটিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, বিএনপি বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এরশাদের বিরুদ্ধে টানা নয় বছর আন্দোলন করে ১৯৯১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেন। আর আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে।

মোশাররফ দাবি করেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আওয়ামী লীগ জানে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের জামানত থাকবে না। এ কারণে তারা সুষ্ঠু নির্বাচনের পথে যাচ্ছে না।

অন্যদের মধ্যে বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরি আরা সাফা, মহিলা দলের সহসভাপতি নুরজাহান ইয়াসমিন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন