News71.com
 Bangladesh
 27 Nov 16, 02:04 PM
 277           
 0
 27 Nov 16, 02:04 PM

‘বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে’ ।।

‘বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে’ ।।

 

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন বলেছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি সরকারের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীরা যাতে হয়রানি না হয় সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। 

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউন রেস্টুরেন্ট মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে তাকে দেয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, বিদেশে মিশন ও দূতাবাসে প্রবাসীরা যাতে সঠিক সেবা পেতে পারে এজন্য সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিদেশে একেকজন প্রবাসী একজন রাষ্ট্রদূতের মত। তারাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তিনি প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেল্পডেস্ক অথবা প্রয়োজনে তার সঙ্গে সরাসরি  যোগাযোগের পরামর্শ দেন।

নিজ দল জাতীয় পার্টিকে সংগঠিত করার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দেশে ও প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি।

অনুষ্ঠানের শুরুতে সেলিম উদ্দিন এমপিকে ফুলের শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও প্রবাসের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুন নূর বড় ভূইয়া, মাহবুব চৌধুরী, হাজী আব্দুর রহমান রহমান, জসিম চৌধুরী, অ্যাডভোকেট শাহজাদ শান্ত, মাহবুবুর রহমান অনিক, নজমুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন