
নিউজ ডেস্কঃ সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ রবিবার (২৭ নভেম্বর ) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
আসামিরা হলেন- মুফতি জসিম উদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে বাবু ওরফে নাইম, আবু হানিফ, আলী আহাদ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুম্মন, পিয়াস ওরফে আব্দুল্লা ওরফে আসাদুল্লাহ ও আমিনুল ইসলাম।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, অভিযোগ গঠনকালে কারাগারে বন্দী এবং জামিনে থাকা চার আসামি আদালতে হাজির ছিল। এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে, আলী আহাদ জামিনে এবং বাকি ছয়জন পলাতক।
জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৩ সালের আগস্টে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন। পরে তদন্ত শেষে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবির পরিদর্শক মো. আবদুল লতিফ শেখ।
২০১৪ সালের ২৩ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে সরকারের অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়। চলতি বছরের ২৬ জুলাই সরকারের অনুমোদনের পর গত ৮ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।