
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বাসার রান্নাঘরে গ্যাসের আগুনে একই পরিবারের ৩ শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। গতকাল দিনগত রাতে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কবিরুল।
দগ্ধ শিউলি বেগম (৩২), এখলাস মিয়া (২০), জরিনা বেগম (৩০), তাসলিমা (০৭), আবদুর রহমান (০৯), ইয়ামিন (০৬), ইব্রাহিম মিয়াকে (১৭) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আবু কালাম (৩০) নামের দগ্ধ আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এক স্থানীয় কবিরুল বলেন, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুট্টাপাড়ার রাসেল মিয়ার স্ত্রী শিউলি বেগম রান্নার জন্য চুলা ধরাতে গেলে আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়লে ৮ জন দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । গ্যাসের সিলিন্ডারটি আগে থেকেই লিকেজ ছিল যার কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল । শিউলি বেগম চুলা ধরাতে গেলে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা ফায়ার সার্ভিসের ।