
নিউজ ডেস্কঃ ভারত সরকারের অর্থায়নে মাদারীপুর জেলার উন্নয়নে দুই কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
স্বাক্ষরগুলো হয় বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার উপস্থিতিতে। এ সময় মাদারীপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
মাদারীপুরের চরমুগুরিয়া মার্চেন্ট হাইস্কুলের উন্নয়ন, মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের উন্নয়ন এবং চরমুগুরিয়া শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের উন্নয়নে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে কয়েকটি প্রকল্পের স্বাক্ষর হয়। কাঁপালি যুব সংঘ রাধা কৃষ্ণ দুর্গার এবং গণেশ পাগল মন্দিরের উন্নয়নে, আম-গ্রাম শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির নির্মাণ, কদম্বরই ইউনিয়ন কলেজের উন্নয়নে এবং গণেশ পাগল আশ্রমের অডিটোরিয়ামের নির্মাণের জন্য ৯৫ লাখ টাকার চুক্তি স্বাক্ষর হয়।
প্রকল্প স্বাক্ষর ছাড়াও মন্ত্রী শাজাহান খান ও হর্ষ বর্ধন শ্রিংলা বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কার কাজের পরিদর্শন করেন। তারা এইসব প্রকল্প আট মাসের মধ্যে শেষ করার তাগিদ দেন।