
নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গা মসুলমানদের ওপর সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রবিবার আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন কয়েকশত আইনজীবী। কর্মসূচি হতে আইনজীবীরা অং সান সূচীর নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান।
বেলা ১টা থেকে ২টা পর্যন্ত পালন করা কর্মসূচিতে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক এএম মাহবুবউদ্দিন খোকন, তৈমুর আলম খন্দকার, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, আজহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ অংশ নেন।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আইনজীবীদের দাবির প্রেক্ষিতে সরকার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে। আইনজীবী হিসেবে গণতন্ত্র, মানবতা ও মানবাধিকার রক্ষা নিয়ে কাজ করছি। তিনি বলেন, মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে জাতিকে সোচ্চার করেছি।