News71.com
 Bangladesh
 27 Nov 16, 10:57 PM
 264           
 0
 27 Nov 16, 10:57 PM

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব কামাল ।। থাকছেন আজাদও

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব কামাল ।। থাকছেন আজাদও

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। তবে বর্তমান মুখ্য সচিব আবুল কালাম আজাদও থেকে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়েই। তাকে মুখ্য সমন্বয়ক পদে ২ ডিসেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার নতুন মুখ্য সচিবের নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেন। আগামী ৩০ ডিসেম্বর জনাব কামাল চৌধুরীর চাকরি থেকে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা। অপরদিকে আবুল কালাম আজাদের বিদ্যমান মেয়াদ শেষ হবে আগামী ১ ডিসেম্বর। একইদিনে আবুল কালাম আজাদের জন্য নতুন পদ সৃষ্টি করে ওই পদে পুনঃনিয়োগের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী।

প্রশাসনের ওই দুই কর্মকর্তাই ১৯৮২ সালের বিসিএস কর্মকর্তা। কামাল চৌধুরী জনপ্রশাসনের আগে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি স্থানীয় সরকার বিভাগেও যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি একজন কবি। এবার আওয়ামী লীগের কাউন্সিলের ‘থিম সং” রচয়িতা ছিলেন তিনি। আবুল কালাম আজাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পূর্বক বিদ্যুত্ বিভাগের সচিব হিসাবে নিযুক্ত হন। এরপরেই তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়। বিদ্যুত্ উন্নয়নে তার ভূমিকা ছিল অনন্য।

সামগ্রিকভাবে আগামী সপ্তাহেই প্রশাসনে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। শূন্য হবে আরও অন্তত আটটি সচিবের পদ। এসব পদে নিয়োগ দেয়া এবং এই প্রক্রিয়ায় বেশ কিছু সচিবের পদেও রদবদল আনা হবে। বিদ্যুত্ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম এবং পরিকল্পনা কমিশনের সদস্য খোরশেদ আলম চৌধুরীকে অবসর উত্তর ছুটি দেয়ার আদেশ জারি করা হয়েছে গত বৃহস্পতিবার। তারা যথাক্রমে ১ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর অবসরে যাবেন। ফলে এই দুটি পদও শূন্য হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রবিবার দেশে ফিরেছেন। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই প্রশাসনে সচিব পর্যায়ে বড় রদবদল হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন