
নিউজ ডেস্কঃ দিনাজপুরের কমলনগর উপজেলায় চর বসু এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের তালা লাগিয়ে দেয়। শনিবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাস ও চর বসু বাজারে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভ শেষে উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিককে বিদ্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীরা জানান, ‘নিষিদ্ধ গাইড বই (ফুলকঁড়ি) পড়াতে বাধ্য করা, কোচিং বাণিজ্য, রেজিস্ট্রেশন, পরীক্ষা ফি অতিরিক্ত আদায় এবং উপবৃত্তি, স্কুলের অনুদান আত্মসাত্সহ বিভিন্ন অনিয়ম করে আসছে প্রধান শিক্ষক। এসব কারণে আমরা বিক্ষোভ ও স্কুলে তালা দিতে বাধ্য হই।’
শিক্ষক ও স্থানীয়রা জানান, চলতি মাসে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা পরিদর্শনে গিয়ে ক্লাসে গাইড বই পায় সে মোতাবেক প্রধান শিক্ষকের কাছে কারণ জানতে চায়। প্রধান শিক্ষক মিজানুর রহমান নিজেকে আড়াল করতে নিজের দায় ওই স্কুলের শিক্ষক মোবারকের ওপর চাপায় এবং তাকে শোকজ করে।
অনিয়মের বিষয় অস্বীকার করে প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক জানান, ‘চরের স্কুল বুঝেন তো। নিষিদ্ধ গাইড বই (ফুলকঁড়ি) প্রকাশনা থেকে ২৮ হাজার টাকায় চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রকাশনার টাকা ফেরত দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী জানান, এ বিষয়টি কেহ এখনও জানায়নি।