
নিউজ ডেস্কঃ সম্প্রতি মিয়ানমারে সংঘটিত সহিংসতা অহিংস পথে সমাধানের জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হয়। এতে বলা হয়, মিয়ানমারে সংঘটিত এ সহিংসতা মানবতার বিপর্যয়। এ বিপর্যয় থেকে আরাকানের সাধারণ মানুষকে রক্ষার্থে এগিয়ে আসার জন্য বিশ্ব সমপ্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সামপ্রদায়িক ও হিংসাত্মক কাজ কখনো সমর্থন করে না। তবে মিয়ানমারের এ ঘটনাকে ঘিরে কতিপয় মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর কিছু তথ্য ও ছবি প্রচার করে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক আশোক বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া প্রমুখ।