
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে সহিংসতা, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এবং ডিজিটাল লক্ষ্মীপুর গড়ার লক্ষ্যে জেলা শহরের পৌর এলাকায় সিসি টিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌর শহরের ছয় কিলোমিটার জুড়ে ২৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় সিসি টিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
এ সময় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র আলহাজ এমএ তাহের, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও আওয়ামী লীগ নেত্রী ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘সিসি টিভির মাধ্যমে জেলা শহরে চুরি-ডাকাতিসহ সকল ধরণের অপরাধ বন্ধ হবে। পর্যায়ক্রমে পুরো জেলায় সিসি টিভির আওতায় আনা হবে।’