
নিউজ ডেস্ক: ভারতের বিশ্বখ্যাত অরবিন্দ আই কেয়ার সিস্টেম-এর বিশেষজ্ঞরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের সেবা ও ব্যবস্থাপনার আধুনিকায়নে সহায়তা করবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে অরবিন্দ আই হসপিটালের চিকিৎসক প্রতিনিধিরা একথা জানান। অরবিন্দ আই কেয়ার সিস্টেম এর নির্বাহী পরিচালক ডা. তুলসীরাজ এবং চেয়ারম্যান ডা. রবিন্দ্রন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
তারা বাংলাদেশের চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবস্থাপনার আধুনিকায়নে সফটওয়্যার স্থাপনসহ তথ্য প্রযুক্তির ব্যবহারেও সহযোগিতা করবেন।
এসময় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি চক্ষু হাসপাতালে অরবিন্দ আই হসপিটাল প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনসহ ব্যবস্থাপনার আধুনিকায়নে কয়েক দশক যাবত কাজ করছে জানিয়ে তুলসীরাজ এসময় বলেন, হাসপাতালের সেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবস্থার পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করছে সরকার। এ জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে। দুই বছর আগে ৬ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দিয়ে তাদেরকে গ্রাম পর্যায়ে পদায়ন করা হয়েছে। কিছুদিনের মধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে সারাদেশের হাসপাতালগুলোতে পদায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
চক্ষু চিকিৎসকদেরকে সহায়তা দিতে সারাদেশে চক্ষু টেকনিশিয়ান গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ভারতীয় চিকিৎসকরা।
এছাড়া গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সকল উপজেলায় পর্যায়ক্রমে ‘ভিশন সেন্টার’ স্থাপনে অরবিন্দ হাসপাতালকে এগিয়ে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।