
নিউজ ডেস্কঃ ফেনী-২ আসনের এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়েরকৃত মামলার সর্বশেষ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। চট্টগ্রামের ডবলমুরিং থানায় ১৯৯১ সালের ২৪ জানুয়ারি দায়েরকৃত এই মামলার তথ্য আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
মামলার শুনানির এক পর্যায়ে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
নিজাম হাজারী কবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সে বিষয়ে আদালতের নথিতে দুই রকম তথ্য থাকায় এ আদেশ দেয় হাইকোর্ট। আদালতে নিজাম হাজারীর পক্ষে আইনজীবী শফিক আহমেদ, নুরুল ইসলাম সুজন এবং রিটকারী পক্ষে কামরুল হক সিদ্দিকী এবং রাষ্ট্রপক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু শুনানি করেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২০১৪ সালে প্রকাশিত ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করেন স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া। রিটে এমপি নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।