
নিউজ ডেস্কঃ বগুড়ায় স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় সোহেব হাসান (৮) নামে এক শিশু নিহত হয়েছে । আজ সোমবার সকালে শহরের সাবগ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সোহেব হাসানের বাবা সবুজ গুরুতর আহত হয়েছেন।
সোহেব শহরতলীর সাবগ্রাম চাঁদপাড়ার সবুজের ছেলে এবং শহরের ডিআরএন স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র ।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সবুজ তার মোটরসাইকেলে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন । শহরের সাবগ্রাম বটতলা এলাকায় পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশু সোহেব। এ সময় গুরুতর আহত হন সবুজ।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (টিএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।