
নিউজ ডেস্ক: যশোরের শার্শা সীমান্ত থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ ।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার ডিহি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতার যুবকরা হলেন-বেনাপোলের সাদিপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে শহিদুল ইসলাম (২৪), শার্শার রামচন্দ্রপুর গ্রামের কওছার আলীর ছেলে খোকন মিয়া (৩২) ও একই গ্রামের মৃত সোহারব হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৮) ।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন সন্ত্রাসী নাশকতামূলক কাজের উদ্দেশে বৈঠক করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে শার্শার রামচন্দ্রপুর গ্রাম থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড শট গানের গুলি পাওয়া যায় ।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এর আগেও তাদের নামে মাদকদ্রবের মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে ।
আজ শুক্রবার দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি ।