
নিউজ ডেস্ক: পুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাতের কয়েক হাজার মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিচ্ছেন।
বাদ ফজর ভারতের মাওলানা হাফিজ ইকবালের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা। বয়ানের তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বাদ জুমা বাংলাদেশের মাওলানা রবিউল হক বয়ান করবেন বলে জানিয়েছেন ইজতেমা মাঠের মুরব্বি মো. গিয়াস উদ্দিন আহমেদ।
৬ ডিসেম্বর মঙ্গলবার জোড় নেওয়ালী জামাতের মাধ্যমে শেষ হবে। এর পরেই তাবলীগ জামায়াতের মুরুব্বীরা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ২ পর্বে বিশ্ব ইজতেমার সাফল্যের জন্য দেশের বিভিন্নস্থানে তাবলীগ জামাতে ছড়িয়ে পড়বেন।
বিশ্ব ইজতেমার মুরব্বী মাওলানা গিয়াস উদ্দিন বলেন, এ বছরে ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম পর্ব এবং ৪ দিন বিরতির পর ২য় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।