
নিউজ ডেস্ক : দেশের পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়া ও মেহেরপুরে পুলিশের অভিযানে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে ।
এর মধ্যে কুষ্টিয়ায় ৬৮ জন ও মেহেরপুরে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গগতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত দুই জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতার হওয়াদের মধ্যে, অস্ত্র, মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ ।
কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে জেলার ৬টি থানায় এই অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে মাদক, চুরি ও অস্ত্র মামলার আসামিসহ ৬৮ জনকে গ্রেফতার করা হয় ।
তিনি বলেন, ৩০শে নভেম্বর থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান ৭ই ডিসেম্বর পর্যন্ত চলবে ।
অভিযানের সময় একটি দেশীয় এলজি, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন জেলা পুলিশের এই কর্মকর্তা ।
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গ্রেফতার হওয়াদের মধ্যে মাদক ব্যবসা, চোরাচালাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে ।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুরের ৩ উপজেলা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি ।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এই দুই জেলায় গ্রেফতার অভিযান পরিচলানা করে পুলিশ ।
গ্রেফতার অভিযান আরও কয়েকদিন চলবে। গ্রেফতার আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে দুই জেলার পুলিশ ।