
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে গুম বলতে কোনো শব্দ নেই। যারা গুম হচ্ছে তারা হয় স্বেচ্ছায় পলাতক নতুবা আত্মগোপনে রয়েছে। কিছু দিন পর দেখা গেছে তারা ফিরে এসেছে।
আজ রবিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ‘শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে নিখোঁজ ২০ ব্যক্তির পরিবার সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন তাদের স্বজনদের গুম করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা তাকে প্রশ্নটি করলে গুমের বিষয়টি অস্বীকার করে তিনি এ উত্তর দেন।
এছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরখাস্তকৃত মেজর জিয়াসহ যেসব জঙ্গি এখনও আত্মসমর্পণ করেনি তাদের ধরার চেষ্টা চলছে। তাদের শিগগিরই গ্রেফতার করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা আমরা হাতে পেয়েছি। মূল নকশার সঙ্গে বর্তমানের কিছু অসামঞ্জস্য রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। সংসদ ভবনের সৌন্দর্য রক্ষায় সব কিছু করা হবে।