
নিউজ ডেস্কঃ বগুড়া জেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ১৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে একজনের মনোনয়ন বাতিল হয়েছে।
আজ রবিবার সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জেপি সমর্থিত আমিনুল ইসলাম সরকার পিন্টু ও মোটর শ্রমিকনেতা সৈয়দ আহমেদ মিঠু।
সাধারণ সদস্য পদে বাতিল হওয়া উল্লেখযোগ্যরা হলেন- ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত সুলতান মাহমুদ খান রনি, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের মাফুজুল ইসলাম রাজ, ৩নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু ও ৬নং ওয়ার্ডে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুর রহমানসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও ক্রটি থাকার সংরক্ষিত ৫নং ওয়ার্ডের নারী সদস্যপদে শামীমা আক্তার মুক্তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১২ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।