
নিউজ ডেস্কঃ জয়পুহাটের পাঁচবিবি উপজেলায় গ্রামবাসীর উপর বিজিবির হামলায় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চেঁচড়া সীমান্তে চোরাকারবারীরা এক বিজিবি সদস্যকে ছুরিকাঘাত করে ভারতে পালিয়ে যায়। এরই জের ধরে বিকালে আটাপাড়া ক্যাম্পের হাবিলদার নোয়াব আলীসহ ১০/১২ জনের একদল বিজিবি চেঁচড়া গ্রামের নিরীহ লোকজনের উপর হামলা চালায়। তাদের হামলার শিকার হয়েছে সাত বছরের শিশু তামিম ও গৃহবধূ হাসিনা ও ছকিনাসহ ২০ জন।
খবর পেয়ে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক ও ২০ ব্যাটালিয়ানের অধিনায়ক মোস্তাফিজ ঘটনাস্থলে যান।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়ানের অধিনায়ক মোস্তাফিজ বলেন, ‘এভাবে মারধর করা অন্যায়। দোষীদের প্রত্যাহার করা হবে।’