
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাসশাহজানী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। নিহতরা হলেন, ওই গ্রামের হযরত আলী (৬০) ও তার ছোট ভাইয়ের স্ত্রী সাজু বেগম (২৫)
পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় খাসশাহজানী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হযরত আলী ও তার ছোট ভাই সোলেমানের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হযরত আলী লাঠির আঘাতে সোলেমানের স্ত্রী সাজু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সাজুর স্বামী সোলেমান ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে হযরত আলীকে পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইটি মামলা হয়েছে।