News71.com
 Bangladesh
 08 Dec 16, 07:27 PM
 256           
 0
 08 Dec 16, 07:27 PM

কালীগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনে আগুন, আহত ২৬ ।।

কালীগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনে আগুন, আহত ২৬ ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়া নামকস্থানে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ২৬ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানান স্থানীয়রা। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার দিলিপ চন্দ্র দাস।

উপকূল এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তা পরিচালক আইনুদ্দিন জানান, সাড়ে ৪টার পর ট্রেনটি পূবাইল রেল স্টেশন ত্যাগ করে। পরে ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়া নামকস্থানে পিছন থেকে দ্বিতীয় নম্বর বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। অগ্নিকাণ্ডের উৎপত্তি ট্রেনের নিজস্ব জেনারেটর থেকে হয়েছে বলে তিনি জানান।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. আব্দুস সাত্তার জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন