News71.com
 Bangladesh
 09 Dec 16, 12:22 AM
 268           
 0
 09 Dec 16, 12:22 AM

পাবনা মেডিকেলের ২ ছাত্র নিখোঁজ ।।

পাবনা মেডিকেলের ২ ছাত্র নিখোঁজ ।।

 

নিউজ ডেস্কঃ পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এবং পরিবারের পক্ষ থেকে পাবনা ও রংপুরের কাউনিয়া থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

এমবিবিএস চতুর্থ বর্ষের দুই ছাত্র নিখোঁজের ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে তারা আসলেই নিখোঁজ নাকি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেছে সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিখোঁজ ছাত্ররা হলো রংপুরের কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে জাকির হোসেন। সে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার নুরুল আলম সরকারের ছেলে তানভীর আহমেদ তনয়। এরা দুইজনই এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র।

এদের মধ্যে ১ ডিসেম্বর পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফেরার পথে জাকির হোসেন এবং ৩০ নভেম্বর সন্ধ্যায় তানভীর আহমেদ তনয় কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ হন।

পাবনা সদর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক জানান, ১ ডিসেম্বর পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ তার অবস্থান জানার চেষ্টা করছে। এদিকে রংপুর জেলার কাউনিয়া থানায় জাকির হোসেনের পরিবারের পক্ষে সাধারণ ডায়রি করা হয়েছে।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা বলেন, জাকির ও তনয় ক্যাম্পাসে বয়েজ ছাত্রাবাসের পাশাপাশি কক্ষে থাকত। ৩০ নভেম্বর ক্যাম্পাস থেকে তনয় এবং ১ ডিসেম্বর বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে জাকির নিখোঁজ হন।

পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, জাকির আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ভালো ছেলে। তনয় তার ঘনিষ্ঠ বন্ধু। তাদের নিখোঁজের কারণ বুঝতে পারছি না।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, পাবনা মেডিকেলের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে এমন তথ্য পুলিশ জানার পর তদন্ত করে দেখছে। তারা আসলেই নিখোঁজ নাকি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেছে সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন