
নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যরকম দেশ হবে। ১ জানুয়ারি বই উৎসবে প্রতিটি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি ও সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি জোবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক।
মন্ত্রী বলেন, এ বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে কোন মানুষ আর নিরক্ষর থাকবে না। বর্তমান সরকার মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া করাতে চায়। শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।