
নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ তরুণরা আবারো অশুভ জঙ্গি তৎপরতা চালাতে ষড়যন্ত্র করছে। তাই সবার সতর্ক থাকতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে ৪৬তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রজন্ম ৭১ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন থেকে শুরু করে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। দেশের জনগণ যে রায় দিয়েছেন সে রায়ও শেখ হাসিনা মেনে নিয়েছেন। আর শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে কখনো কারচুপি হয়নি, ভবিষ্যতেও হবে না।
তিনি বলেন, দেশে কোন অবস্থায় আর ‘আজিজ মার্কা’ নির্বাচন কমিশন হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখায় আগামীতে রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করলেও তারা হয়তো তা মানবে না।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করতেন জিয়াউর রহমান। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় এসে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পাশে শিশু পার্ক নির্মাণ করে সেটি প্রমাণ করেছেন। তিনি চাইতেন, নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে না পারে।’ সবাইকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, রবীন্দ্র সঙ্গীতবিদ রোকাইয়া হাসিনা মিলি, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল ইকবাল মিতু প্রমুখ।