
নিউজ ডেস্ক :নাটোর জেলা কারাগারের হাজতি, হত্যা মামলার আসামি শামীম হোসেন (২৩) পুলিশ হেফাজতে সাভার থেকে পালানোর ঘটনায় ওই সময় দায়িত্বে নিয়োজিত এক এএসআইসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
গতকাল বুধবার ভোরে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আমিনবাজার এলাকায় বাস থেকে লাফিয়ে ওই আসামি পালিয়ে যায় ।
পলাতক শামীম হোসেন নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ।
নাটোর জেলা কারাগারের জেল সুপার ফারুক হোসেন জানান, নাটোর পুলিশ লাইনের সহ উপ-পরিদর্শক (এএসআই) এহতেসামের নেতৃত্বে ৪জন পুলিশ সদস্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়েরকৃত হত্যা মামলার আসামি শামীম হোসেনকে নিয়ে গত মঙ্গলবার রাত ১২টার দিকে হানিফ পরিবহনের বাসে নারায়ণগঞ্জ যাচ্ছিল ।
কোন এক সময় ডান্ডাবেড়ি খুলে আসামি শামিম হোসেন ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আমিবাজারে বাস থেকে লাফিয়ে অন্য একটি বাসে চড়ে পালিয়ে যায় ।
এদিকে ঘটনাটি জানতে পেরে সাভার মডেল থানা পুলিশ আসামি শামীমকে গ্রেফতার করতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ।
এদিকে দায়িত্বে অবহেলার কারণে এএসআই এহতেসামসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে জেলা পুলিশ ।
বহিস্কৃত অপর ৩ কনস্টেবল হলো, রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মিজানুর রহমান। নাটোরের পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার জানান, ঘটনাটি তদন্ত করে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে ।