News71.com
 Bangladesh
 09 Dec 16, 10:59 AM
 263           
 0
 09 Dec 16, 10:59 AM

উখিয়া সীমান্তে বন ও পাহাড় কেটে মত্স্য চাষ প্রকল্প ।। 

উখিয়া সীমান্তে বন ও পাহাড় কেটে মত্স্য চাষ প্রকল্প ।। 

নিউজ ডেস্কঃ  উখিয়ার হাতিমোরাতে অর্ধশতাধিক একর আবাদি জমি ও সংরক্ষিত বনভূমি দখল করে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে মত্স্য চাষ প্রকল্প। ফলে এলাকা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও সর্বসাধারণের চলাচলের পথ প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা জানান, এখানে তাদের সামান্য চাষাবাদের জমি রয়েছে। ওই জমিগুলো ১০ বছরের জন্য লিখিত চুক্তির মাধ্যমে জামায়াতের চট্টগ্রাম কেন্দ্রীক ডোনার সিরাজুল ইসলাম দখলে নিয়েছে। গত দুই মাস ধরে পরিবেশ ও বনসহ যাবতীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুলডোজার দিয়ে পাহাড়ি টিলা সাবাড় করে মত্স্য ঘেরের বাঁধ ও যাতায়াতের রাস্তা নির্মাণ করা হচ্ছে। দুই বছর আগে রাজাপালং ইউনিয়ন পরিষদ থেকে হাতিমোরা হতে পার্বত্য নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সংলগ্ন আজু খাইয়া গ্রাম পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করায় সেখানকার কয়েক গ্রামের অসংখ্য লোকজনের যাতায়াত সুবিধা সম্প্রসারিত হয়। কিন্তু জামায়াত নেতা ওই রাস্তাটি দখল করে মত্স্য ঘের করায় পানিতে তলিয়ে গেছে। এতে আশপাশের তিন-চারটি গ্রামের কয়েকশ পরিবার যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

এদিকে মত্স্য ঘের এলাকায় জমির মালিক মৌলভী কবির আহমদ জানান, প্রতিবছর নবায়নের শর্তে স্থানীয় লোকজনের সঙ্গে ১০ বছরের চুক্তিতে মৌলভী সিরাজকে জমি দেওয়া হয়। শর্তে উল্লেখ আছে- আবাদি ধানি জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। কিন্তু তারা শর্ত অমান্য করে পাহাড় কাটা মাটি দিয়ে রাস্তা তৈরি ও ধানি জমিতে মত্স্য প্রকল্প গড়ে তুলেছে। রাস্তা তৈরির নামে মত্স্য ঘেরের মাটির বাঁধ দেওয়ার ফলে অনেক পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছেন না।

উখিয়া সদর বন বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, কিছুদিন আগে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘের মালিককে বনভূমি ও গাছ না কাটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ঘের মালিক মৌলভী সিরাজুল ইসলামের হয়ে তার ছোট ভাই ডাক্তার সুরত আলম ঘেরের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। তিনি জানান, এলাকার উন্নয়ন করতে গেলে কিছু ক্ষতি মেনে নিতে হয়। তবে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ বা মত্স্য অধিদপ্তরসহ কোনো সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুমতি নেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন