
নিউজ ডেস্কঃ গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার থানার মঙ্গলহর এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুস ছালাম। তিনি কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার কারখানায় চাকরি করতেন। নিহত আরেকজন পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার মন্নাফ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মো. হোসেন আলী জানান, কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি আব্দুস ছালামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম জানান, সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান মোমেনা বেগমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।